কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা
- প্রকাশের সময় : ১১:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 68
তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ভিন্ন এক সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশন। স্টেশন চত্বরজুড়ে ফুটে থাকা কৃষ্ণচূড়া ফুলের টকটকে লাল রঙ মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের।
রবিবার (২৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মজুড়ে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো ফুলে ফুলে ছেয়ে গেছে। ঝরে পড়া লাল পাপড়িতে ঢেকে গেছে প্ল্যাটফর্ম ও রেললাইনের পাথর। তীব্র রোদে ঝলসে যাওয়া প্রকৃতির মাঝে এই লাল রঙ যেন এনে দিচ্ছে স্বস্তির ছোঁয়া।

স্থানীয়রা জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ মাস এলেই কালুখালী স্টেশন কৃষ্ণচূড়ার রঙে রঙিন হয়ে ওঠে। এ সময় প্রতিদিনই নানা বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার বা বন্ধুদের সঙ্গে এসে উপভোগ করছেন প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য।
কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “ক্লাস শেষে প্রায়ই বান্ধবীদের নিয়ে এখানে আসি। গরমে কষ্ট হলেও ফুলগুলো দেখলে মন ভালো হয়ে যায়। ছবি তুলতেও দারুণ লাগে।”
স্টেশনের চা বিক্রেতা শরিফুল ইসলাম জানান, “গরমে যাত্রী কম থাকলেও ফুল দেখতে আসা মানুষের সংখ্যা বেড়েছে। বিশেষ করে বিকেলের দিকে ভিড় বেশি হয়।”
কালুখালী জংশন স্টেশন হওয়ায় গোয়ালন্দ, পাংশা ও রাজবাড়ী সদরসহ আশপাশের এলাকা থেকে সহজেই এখানে আসা যায়। রেললাইন, ট্রেন ও কৃষ্ণচূড়ার মিলিত দৃশ্য ছবিপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রচণ্ড গরমের মধ্যেও প্রকৃতির এই রক্তিম আয়োজন যেন কিছুটা হলেও প্রশান্তি এনে দিচ্ছে স্থানীয়দের মাঝে। কালুখালী স্টেশনের কৃষ্ণচূড়া যেন জানান দিচ্ছে গ্রীষ্মের অনন্য সৌন্দর্যের কথা।























