জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে : ডা. জাহেদ
- প্রকাশের সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 116
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। তবে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাতে কোনোভাবেই অযৌক্তিক বৃদ্ধি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোরভাবে নজরদারি করবে বলেও তিনি জানান।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব হিসেবে পণ্যের মূল্য কিছুটা বাড়তে পারে, যা অনিবার্য। একইসঙ্গে তিনি বলেন, বর্তমানে জ্বালানির যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
জীবনযাত্রার ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা মূল্যস্ফীতি দেখা দিতে পারে এবং জনগণকে তা বাস্তবতা হিসেবে গ্রহণ করতে হবে।
এছাড়া তিনি জানান, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।




















