৪ লাখ ৬৮ হাজার সরকারি পদ খালি, নিয়োগে আসছে বড় পরিবর্তন
- প্রকাশের সময় : ০১:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 19
সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ১ম থেকে ৯ম গ্রেডে শূন্যপদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। ১০ম থেকে ১২তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। ১৩তম থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ফাঁকা রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।
তিনি বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২ হাজার ৮৭৯টি পদে, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কর্মপরিকল্পনার আওতায় অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদে নিয়োগের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলেও জানান তিনি। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




















