শিগগিরই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে : বিমানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 112
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে অচিরেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন শীর্ষ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বড় উড়োজাহাজ অবতরণের সুবিধার্থে বিমানবন্দরের রানওয়ে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে প্রয়োজনীয় সনদ নেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম চালুর প্রস্তুতি, পরীক্ষা ও চূড়ান্ত যাচাই কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিদেশি এয়ারলাইন্সকে ভূমি সেবা প্রদান করে উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে। তবে উড়োজাহাজের স্বল্পতা রয়েছে, তাই নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং পুরোনোগুলো পর্যায়ক্রমে বাদ দেওয়ার কাজ চলছে।




















