বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ
- প্রকাশের সময় : ১০:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 105
আজ বাংলা সনের শেষ দিন, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। পুরোনো বছরের জীর্ণতা ও ক্লান্তিকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাঙালি জাতি। চৈত্র সংক্রান্তি তাই শুধু বিদায়ের দিন নয়, বরং নতুন সূচনার এক প্রতীকী মুহূর্ত।
ঋতুচক্রের ধারাবাহিকতায় এই দিনে পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করার প্রস্তুতি নেয় মানুষ। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তি। একসময় এটি নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
গ্রামবাংলায় দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। পুরোনো বছরের হিসাব-নিকাশ চুকিয়ে নতুনভাবে ‘হালখাতা’ খোলার প্রথা এই দিনের অন্যতম অনুষঙ্গ। খাদ্যাভ্যাসেও রয়েছে বৈচিত্র্য—অনেকেই আমিষ বর্জন করে নিরামিষ খাবার গ্রহণ করেন, কোথাও কোথাও ১৪ প্রকার শাক দিয়ে শাকান্ন রান্নার প্রচলন রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি ধর্মীয় গুরুত্ব বহন করে। তারা ব্রত পালন, পূজা ও অন্যান্য আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন।
দেশব্যাপী নানা আয়োজনে উদযাপিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। এ উপলক্ষে বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে লোকশিল্প প্রদর্শনী, অর্কেস্ট্রা পরিবেশনা, ধামাইল নৃত্য, জারিগান, পটগান ও পুঁথিপাঠের আয়োজন করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনাও থাকছে।
চৈত্র সংক্রান্তি বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।




















