শেরপুর-৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
- প্রকাশের সময় : ০২:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 122
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় ভোটগ্রহণকে ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা দিয়েছে।
জামায়াত সমর্থিত প্রার্থী মো. মাসুদুর রহমান অভিযোগ করেন, তার সমর্থক ও সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে এবং স্থানীয় প্রশাসন পক্ষপাতিত্ব করছে।
অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এসব অভিযোগ নাকচ করে বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন।
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে।




















