নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
- প্রকাশের সময় : ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 135
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে এবং গ্রামের বাড়ি খুলনা জেলায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, এমরান মিয়া খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। এ সময় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে নিচে পড়ে যান এবং ট্রেনের চাকার নিচে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















