দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই : স্বাস্থ্যমন্ত্রী
- প্রকাশের সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 120
আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমলেও বাংলাদেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে হিলিয়াম গ্যাসের কোনো ঘাটতি নেই, ফলে দেশের হাসপাতালগুলোতে এমআরআই স্ক্যানসহ অন্যান্য জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে হিলিয়াম গ্যাসের সরবরাহ প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এর ফলে বৈশ্বিকভাবে সেমিকন্ডাক্টর শিল্প এবং চিকিৎসা খাতের অতিপ্রয়োজনীয় এমআরআই মেশিন পরিচালনা ঝুঁকির মুখে পড়েছে।
এ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধের প্রভাবে যাতে বিদ্যুৎ ও স্বাস্থ্যখাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















