জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্ট্যাটাস
- প্রকাশের সময় : ১২:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / 131
ব্যারিস্টার জাইমা রহমান বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আলোচিত নাম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে হিসেবে পরিচিত হলেও সম্প্রতি আলোচনায় এসেছে তার শৈশবের অনন্য ক্রীড়া প্রতিভা।
জাইমা রহমানের ফুটবল প্রেম এবং যুক্তরাজ্যের বিখ্যাত ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে তার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম।
সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে কোচ বলেন, “জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়—এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়—সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।”
কোচের স্ট্যাটাসে বলা হয়, জাইমা শৈশবে স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রম করার অদম্য মানসিকতাসম্পন্ন একজন ক্রীড়াবিদ ছিলেন। কোচ হাকিম আরও বলেন, “আমি আজও স্পষ্টভাবে মনে করতে পারি—সে সাঁতারে ছিল সেরা, আর দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে সামনে এগিয়ে যেত। তার সেই আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।”
কোচের মতে, জাইমার আত্মবিশ্বাস ও জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, তাই তিনি যদি চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পেয়ে থাকেন তবে তাতে অবাক হওয়ার কিছু নেই।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের লন্ডনের ক্লাব চেলসিতে খেলার সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের বিষয়ে রোববার (২২ মার্চ) রাতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, জাইমা লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন এবং সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ এসেছিল।
প্রধানমন্ত্রীর মেয়ে হিসেবে শিক্ষার পাশাপাশি ক্রীড়াপ্রতিভা দেখিয়েও তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাইমাকে আগে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে চেলসির মতো বড় ক্লাবে সুযোগ আসা সত্ত্বেও জাইমাকে লেখাপড়ায় মনোযোগী হতে বলা হয়।
উল্লেখ্য, জাইমা রহমান একজন সফল ব্যারিস্টার এবং নারীর ক্ষমতায়ন, সাইবার নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও শিশু-কিশোরদের জন্য খেলাধুলার ক্ষেত্র সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও নাগরিক ইস্যুতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।




















