শেষ মুহূর্তে টুপি-আতর-জায়নামাজ সংগ্রহে ব্যস্ত ক্রেতারা
- প্রকাশের সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 130
ঈদের প্রধান কেনাকাটা শেষ করে এখন টুপি, আতর, জায়নামাজ ও তসবির মতো ধর্মীয় অনুষঙ্গ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন মুসল্লিরা।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ও আশপাশের ফুটপাতজুড়ে এসব পণ্যের দোকানে জমে উঠেছে কেনাবেচা। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি ও পছন্দের সুগন্ধি কিনতে ভিড় বাড়ছে দিন দিন।
বিক্রেতারা জানান, রমজানের শুরু থেকেই এসব পণ্যের চাহিদা থাকলেও শেষ সপ্তাহে এসে তা কয়েকগুণ বেড়ে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে জমজমাট বাজার।
বায়তুল মোকাররম মার্কেটের নিচতলায় দেশি টুপির পাশাপাশি তুরস্ক, ব্রুনাই, সৌদি আরব ও মালয়েশিয়ার বিভিন্ন ডিজাইনের টুপিও বিক্রি হচ্ছে। দেশি টুপির দাম ১০০ থেকে ১,০০০ টাকার মধ্যে থাকলেও বিদেশি টুপির দাম ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ফুটপাতের দোকানে ৫০ থেকে ১০০ টাকার মধ্যেই টুপি কিনতে পারছেন স্বল্প আয়ের ক্রেতারা।
আবু সাঈদ নামের এক বিক্রেতা জানান, শেষ কয়েক দিনে টুপির বিক্রি বেড়েছে। বিশেষ করে ঈদের আগের দুদিন বিক্রি সবচেয়ে বেশি হয়েছে।
ক্রেতারা বলছেন, ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে টুপি ও আতর কেনার আলাদা আনন্দ আছে। অনেকেই পরিবারের সদস্যদের জন্যও একসঙ্গে এসব জিনিস কিনছেন।
এদিকে বাজারে দেশি-বিদেশি নানা ঘ্রাণের আতর পাওয়া যাচ্ছে। সাধারণ আতরের দাম প্রতি তোলা ১০০ থেকে ১,৫০০ টাকা এবং উন্নতমানের বিদেশি আতরের দাম ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের মধ্যে হাসনাহেনা, রজনীগন্ধা, সিলভার ও বিভিন্ন ফুলের সুগন্ধির চাহিদা বেশি।
বিক্রেতারা জানান, ঈদের দিন সুগন্ধি ব্যবহার করার প্রচলনের কারণে আতরের বিক্রি বাড়ছে। অনেকেই নামাজের আগে ব্যবহার করার জন্য আতর কিনছেন।
জায়নামাজ ও তসবিও রয়েছে চাহিদার তালিকায়। দেশি জায়নামাজ ১৫০ থেকে ৫০০ টাকায় এবং বিদেশি জায়নামাজ ৫০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ডিজিটাল তসবির প্রতিও আগ্রহ বাড়ছে, যার দাম ৫০ থেকে ১২০ টাকার মধ্যে। সহজে বহনযোগ্য হওয়ায় এসব তসবির বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।




















