রাজশাহীতে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ৩
- প্রকাশের সময় : ০১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 153
রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৪৫), বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
আহতরা হলেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, লালপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বাঘা থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের ধারণা, সকালে কুয়াশার কারণে দুই গাড়ির চালক একে অপরকে দেখতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















