উদীচীর সাবেক সভাপতি সফিউদ্দিন আহমদ মারা গেছেন
- প্রকাশের সময় : ১২:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 159
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদী জেলার রায়পুরায় জন্মগ্রহণ করেন। তিনি রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক এবং ১৯৬২ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ তুলনামূলক সাহিত্য এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ রবীন্দ্র সাহিত্যের ওপর উচ্চতর পড়াশোনা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
চাকরি জীবনের শুরুতে তিনি নেত্রকোণা কলেজে অধ্যাপনা করেন। পরে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়ে বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও সিলেটের এমসি কলেজে অধ্যাপনা করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠাকাল থেকে ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।
সফিউদ্দিন আহমদ বাংলাদেশের একজন শিক্ষাবিদ, গবেষক, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ডিসেম্বরে উদীচীর ২০তম সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ২২তম জাতীয় সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলা সাহিত্য, তুলনামূলক সমালোচনা ও বিশ্বসাহিত্যে তিনি ছিলেন পণ্ডিত গবেষক। তার গবেষণা গ্রন্থ ‘ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট’ বাংলা গবেষণা সাহিত্যে একটি মৌলিক অবদান হিসেবে স্বীকৃত। বাংলাদেশে উনিশ শতকের রেনেসাঁ নিয়ে তার গবেষণা বিশেষভাবে সমাদৃত।




















