শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
- প্রকাশের সময় : ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 148
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকায় নেপাল দূতাবাস।
দূতাবাস জানায়, শপথ অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর। বিমানবন্দরে তাকে ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র প্রতি শেষ শ্রদ্ধা জানাতেও ঢাকায় এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।




















