নৌ উপদেষ্টাকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি শ্রমিকদের
- প্রকাশের সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
চট্টগ্রাম বন্দরে সফরে গিয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে আটকে বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নগরীর কাস্টমস হাউজ মোড়ে এ ঘটনা ঘটে।
এ সময় উপদেষ্টা গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। শ্রমিকরা ‘ডিপি ওয়ার্ল্ডকে দেবো না’ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক নেতা মো. ইব্রাহিম খোকন উপদেষ্টাকে জানান, বন্দরকে ঘিরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা রয়েছে এবং বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান। জবাবে উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনার জন্য নির্দিষ্ট সময়ে দেখা করার আহ্বান জানিয়ে বলেন, তিনি শ্রমিকদের কথা শুনবেন এবং দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত চান না।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এর ফলে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং ও বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে এবং জাহাজ বার্থিং ও পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে।





















