তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
- প্রকাশের সময় : ০২:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 173
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে দলটি আবারও বড় বিপদের মুখে পড়বে এবং এতে দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করা হলেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত ছিল একটি বড় রাজনৈতিক ভুল।
তিনি আরও বলেন, বাকশালের মাধ্যমে মানুষের অধিকার হরণকারী আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর খেসারত দেশকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলোতে যে কষ্টের মধ্য দিয়ে গেছেন এবং ১/১১-এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভাঙার চেষ্টা করা হয়েছিল, সেগুলো দেশবাসী দেখেছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে। পাশাপাশি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে জামায়াতের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















