চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা দিলেন তারেক রহমান
- প্রকাশের সময় : ০৬:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 147
দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামের মাটিতে ফিরে দেশের রাজনীতি, অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সমন্বিত রূপরেখা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির মহাসমাবেশে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি ও শিল্পায়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন ও পরিবেশ রক্ষার পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে। এই শহর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহীদ হন। একই শহরে বেগম খালেদা জিয়াকে দেশনেত্রীর উপাধি দেওয়া হয়েছিল।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সহজ করা হবে। জলাবদ্ধতা সমস্যা নিরসনে খাল ও নালা পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।
শিল্পায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে বিদ্যমান ইপিজেডগুলো বিএনপির আমলেই গড়ে উঠেছিল। ভবিষ্যতে আরও নতুন ইপিজেড স্থাপন করে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। সরকারে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।
পরিবেশ রক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, বায়ু দূষণ মোকাবিলায় আগামী পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ ও বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর কথাও জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি আগামী নির্বাচনে বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

























