জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি
- প্রকাশের সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 186
ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও পেজ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাতে তার সঠিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে। ব্লু টিকপ্রাপ্ত এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট নেই।
মাহদী আমিন জানান, জাইমা রহমানের নামে খোলা বহু ভুয়া আইডি ও পেজ থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল। এ প্রেক্ষিতে বিএনপির আইসিটি দপ্তর এখন পর্যন্ত ৫০টির বেশি ফেক আইডি ও পেজ অপসারণ করেছে। অবশিষ্ট কিছু ভুয়া আইডি ও পেজ সরিয়ে নেওয়ার বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের নামেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে, যেগুলোতে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কনটেন্ট প্রচার করা হচ্ছে। বাস্তবে ডা. জোবায়দা রহমানের কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বা পেজ নেই বলে তিনি স্পষ্টভাবে জানান এবং এসব ভুয়া প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও চরিত্রহননের অপপ্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে বিএনপি নির্বাচন কমিশনের অধীনে একটি কার্যকর ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছে। তিনি বলেন, দেশজুড়ে দ্রুত এই ফ্যাক্ট-চেকিং সেল কার্যকর করা হলে অপপ্রচার ও ভুয়া তথ্য প্রতিরোধ করা সম্ভব হবে।




















