মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে : ডিবি
- প্রকাশের সময় : ০৬:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 172
জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুর মোছাব্বিরের হত্যাকাণ্ড ব্যবসাকেন্দ্রীক হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, বিভিন্নভাবে তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এরপর ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, ভৈরব ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই শুটারের একজন জিন্নাত (২৪), ঘটনার মূল সমন্বয়কারী মো. বিল্লাল হোসেন এবং আসামিদের পালাতে সহযোগিতাকারী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার আগে রেকি করতে সহায়তাকারী মো. রিয়াজ (৩২)কেও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ছয় হাজার টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।
হত্যার উদ্দেশ্য সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ব্যবসাকেন্দ্রীক ঘটনা। আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যদিও তাদের রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল। ভিকটিম রাজনৈতিক নেতা হওয়ায় রাজনৈতিক কারণ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি জানান, এ ঘটনায় রহিম নামে আরেকজন শুটার এখনো পলাতক রয়েছে। এছাড়া বিদেশ থেকে অর্থ পাঠানোর বিষয়সহ হত্যাকাণ্ডের পেছনের সব সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।





















