নবম পে স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
- প্রকাশের সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 195
নবম জাতীয় পে স্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করেছে সরকারি পে কমিশন। এসব প্রস্তাবের যেকোনো একটি চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে পে স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে এই তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, ফজলুল করিম, মোসলেম উদ্দীন, সদস্য সচিব ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিশনের এক সদস্য জানান, সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
সর্বোচ্চ বেতন স্কেল সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কারণ বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কাঠামো কেমন হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পরই সর্বোচ্চ বেতন স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পে কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনার পর সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে। এরপরই নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।





















