চলতি মাসেই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- প্রকাশের সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 183
ভোটগ্রহণকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই পুনরায় চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ও প্রার্থীদের যাচাই-বাছাই সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট মুদ্রণের কাজ চলমান রয়েছে। এই কাজ আগামী ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এ এস এম হুমায়ুন কবীর বলেন, পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম আবার চালু করা হবে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নাগরিকরা শিগগিরই এনআইডি সংশোধনের সেবা নিতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কাজের কারণে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।





















