খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির গভীর শোক
- প্রকাশের সময় : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 180
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় তিনি বেগম জিয়াকে বাংলাদেশের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বেগম জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই শোক সইবার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে দান করেন—এই কামনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ২০১৫ সালে ঢাকায় বেগম জিয়ার সঙ্গে তার উষ্ণ সাক্ষাতের স্মৃতির কথাও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে, তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পথ দেখাবে।
শোকবার্তার শেষাংশে নরেন্দ্র মোদি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।




















