খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীদের মনোনয়ন জমা
- প্রকাশের সময় : ০১:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 199
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে বিকল্প হিসেবে এসব আসনে দলের অন্য প্রার্থীদেরও প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে নিজের মনোনয়নও জমা দিতে পারেন।
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম মনোনয়ন জমা দেন। তিনি বলেন, দলীয় নির্দেশনায় ম্যাডামের সমর্থক প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন সংগ্রহ ও দাখিল করেছেন।
দিনাজপুর-৩ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ কারণে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীদের মনোনয়ন রাখা হচ্ছে।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে আইসিইউতে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।























