এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক
- প্রকাশের সময় : ১০:৩৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 162
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২১ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, এম এস কে শাহীন ও মোহাম্মদ জহীর উদ্দিন; যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন, জি এম রাসেল রানা, এফ এম আকবর হোসেন, মো. নাজমুল হক, বদরুল আহমেদ ও শেখ শাফিনুল হক; উপ-পরিচালক কামরুল হাসান, আমিনুল হক, শেখ খাইরুল বাসার ও জহরলাল জয়ধর।
দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















