দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
- প্রকাশের সময় : ০৫:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 184
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে।
শনিবার রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে কয়েকজন ভারতীয় নাগরিক উগ্র আচরণ করেন এবং চিৎকার-চেঁচামেচি করেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তিরা কিছুক্ষণ গেটের সামনে অবস্থান করে চিৎকার করার পর সেখান থেকে চলে যান। এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি এবং কোনো কিছু ছোড়াছুড়ির ঘটনাও ঘটেনি।
হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, এমন বক্তব্য শোনা গেছে। তারা হিন্দি ও বাংলা মিশিয়ে বলছিলেন, ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো। তবে এগুলো ছিল কথাবার্তা ও চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে কোনো শারীরিক হামলার ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করেছে এবং পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।




















