প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়া ব্যক্তিদের কিছু শনাক্ত : ধর্ম উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৪:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 202
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিসংযোগে জড়িতদের কিছু তথ্য পাওয়া গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
এ সময় ময়মনসিংহে এক হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ ও নিন্দা জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আইন হাতে নেওয়া রাষ্ট্র পরিচালনার জন্য বড় বাধা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছেন।
মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন বলেন, সব স্থাপনায় আগেভাগে নিরাপত্তা দেওয়া কঠিন হলেও সরকার এসব সহিংসতা নিরুৎসাহিত করতে কাজ করছে। তিনি পুনরায় উল্লেখ করেন, প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ বজায় আছে। সরকার কোনো অবস্থাতেই সহিংসতা বা অগ্নিসংযোগকে প্রশ্রয় দেবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















