বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন
- প্রকাশের সময় : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 187
সুদানে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস। রোববার (১৪ ডিসেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে এই সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি গভীরভাবে বিধ্বস্ত এবং এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে নিহত শান্তিরক্ষীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন।
এন্টোনিও গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফোনালাপে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় উভয় নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেন, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে। জাতিসংঘ মহাসচিবও বাংলাদেশের নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




















