আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- প্রকাশের সময় : ০২:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 90
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সেবা প্রদান করা হয়।
ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জন নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী, ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। চলতি বছরে এর আগে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, এই ৩৯ জনের মধ্যে ৩৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। এরপর সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে সেখানে প্রবেশ করেন। তাদের আশ্রয় আবেদন ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র প্রশাসন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, “সরকার বা এজেন্সির পর্যবেক্ষণহীনতার কারণে বৈধভাবে ব্রাজিলে গিয়ে মানুষরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। একেকজন ৩০–৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফিরছেন। এ ধরনের পরিস্থিতির জন্য এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা উচিত। নতুন কর্মী পাঠানোর আগে সরকারের সতর্কতা জরুরি।”
এবার ফেরত আসা বাংলাদেশিদের হাতে হাতকড়া বা শেকল ব্যবহার করা হয়নি, যা পূর্ববর্তী ফ্লাইটে প্রয়োগ করা হতো। চলতি বছরের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।
মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীরা আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো যায়।




















