রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়লো
- প্রকাশের সময় : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 74
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে।
রোববার ২৩ নভেম্বর একটি বিশেষ আদেশে ২০২৫–২৬ কর বছরের রিটার্ন দাখিলের শেষ সময় পুনর্নির্ধারণ করে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বিষয়টি এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি কর বছরের এ পর্যন্ত ১৮ লাখের বেশি ব্যক্তি অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। করদাতাদের অনলাইনে ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিলের অনুরোধ জানানো হয়েছে।
ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যায় কেউ অনলাইনে রিটার্ন দিতে ব্যর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা যাবে। এ বিষয়ে আলাদা নির্দেশনাও জারি করেছে এনবিআর।
চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, প্রয়াত করদাতার প্রতিনিধিসহ কিছু শ্রেণিকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ইচ্ছা করলে তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
বিদেশে থাকা করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক নয়, তবে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে রেজিস্ট্রেশনের জন্য ওটিপি ও লিংক পাঠানো হচ্ছে, যার মাধ্যমে তারাও সহজে অনলাইনে রিটার্ন দিতে পারছেন।
এনবিআর জানায়, কোনো কাগজপত্র ছাড়াই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য এন্ট্রি করে ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও পাওয়া যাচ্ছে।
অনলাইনে রিটার্ন প্রক্রিয়া সহজ করতে করদাতা, কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ই-রিটার্ন বিষয়ে সহায়তার জন্য কল সেন্টার, হেল্প-ডেস্ক ও অনলাইন সাপোর্টও চালু রয়েছে।
























