আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
- প্রকাশের সময় : ০১:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 71
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল (২৩ নভেম্বর) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্তও সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে, রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।




















