শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে : প্রধান উপদেষ্টা
- প্রকাশের সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 74
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। আনন্দের মধ্য দিয়ে নিজের মেধা ও প্রতিভা আবিষ্কারের সুযোগ সৃষ্টি করতে হবে তাদের জন্য।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, শিশু-কিশোররা শুধু গান, নাচ বা বাদ্যযন্ত্র বাজানোতেই নয়, প্রযুক্তি, রচনা, খেলাধুলা, উদ্যোক্তা কার্যক্রমসহ নানা ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারে। একদিনে সবকিছু সম্ভব না হলেও ধীরে ধীরে এমন প্রতিযোগিতার পরিধি বাড়াতে হবে, যেন কোনো শিশু বাদ না পড়ে। প্রত্যেক শিশুরই কোনো না কোনো প্রতিভা আছে, সেটিকে খুঁজে বের করার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, “আমি কেমন বাংলাদেশ দেখতে চাই—এ বিষয়েও রচনা বা প্রযুক্তি প্রতিযোগিতা হতে পারে। স্কুল পর্যায়ে প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি খেলাধুলা, উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইন ও রান্না প্রতিযোগিতাও হতে পারে। এতে শিশু-কিশোররা নিজেদের ভেতরের প্রতিভা ও আগ্রহ খুঁজে বের করতে পারবে।”
মুহাম্মদ ইউনূস আরও বলেন, বাংলাদেশের শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়েও সেরাদের কাতারে পৌঁছাতে সক্ষম। তাই তাদের জন্য বিশ্বমঞ্চে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। “আমরা চাই, বাংলাদেশের সীমা পেরিয়ে তারা বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে নিক,” যোগ করেন তিনি।
এর আগে, অনুষ্ঠানে প্রতিযোগিতার দুই বিভাগের বিজয়ীদের হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা এবং সব অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।




















