একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- প্রকাশের সময় : ০২:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 70
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সোমবার ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে।
একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ এবং ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প হলো ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন (৩য় সংশোধন)’।
শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প হলো ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা ও মা–শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম সমন্বয়, এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প হলো ঢাকা সেনানিবাসে ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্পে নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প হলো বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)।
এর পাশাপাশি সভায় আরও ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যার মধ্যে রয়েছে বহুস্তরীয় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে সংরক্ষণ ও উন্নয়ন, যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রশিক্ষণ, প্রযুক্তি-ভিত্তিক বন ব্যবস্থাপনা, কৃষি গবেষণা কেন্দ্র উন্নয়ন, ঢাকা শহরের আশেপাশের এলাকা উন্নয়ন এবং র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















