ফের ৩ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
- প্রকাশের সময় : ০২:১২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 82
কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও পদোন্নতির অধিকার আদায়ে অবস্থান নেবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বর্তমানে দেশে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার কথা জানালেও সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন।
আন্দোলনে অংশ নেওয়া অন্য সংগঠনগুলো হলো—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও এতে যোগ দেবেন।




















