জেলহত্যা দিবস আজ
- প্রকাশের সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 93
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে রাতের আঁধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। দিনটি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন হিসেবে চিহ্নিত।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ক্ষমতার পাল্টাপাল্টি দখলের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় কারাগারের ভেতরেই নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি পরবর্তীতে “জেলহত্যা মামলা” নামে পরিচিত হয়।
আদালতের রায়ে এই মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাজাপ্রাপ্ত মোট ১১ আসামির মধ্যে ১০ জনই দীর্ঘদিন ধরে পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ২০২০ সালের এপ্রিলে দেশে ফেরার পর গ্রেপ্তার করা হয় এবং ওই মাসেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত দীর্ঘ ২১ বছর বন্ধ ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে ফেরার পর মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়। অবশেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।























