শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার
- প্রকাশের সময় : ০১:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 99
দেশ থেকে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে দর্শনা সীমান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করে। সোমবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খান।
তিনি জানান, চাঁদাবাজির একটি মামলায় আজিজকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আজিজ পলাতক ছিলেন। তিনি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তিনি এজাহারনামীয় আসামি। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।




















