তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ
- প্রকাশের সময় : ১২:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 5
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়ে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’
নতুন তথ্যমন্ত্রী বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা তাকে অনেক বড় একটি সুযোগ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
সরকারের সব উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়া মন্ত্রণালয়ের বড় দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও ইতিবাচক প্রভাব ফেলার গুরুদায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমরা ১০০ শতাংশ এফোর্ট দিচ্ছি। ভুল-ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে। কিন্তু নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং।’
তিনি বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার। সবচেয়ে বড় কথা, যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। আমরা যাতে আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি।’
নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তথ্যমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















