ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত : নুরুল হক নুর
- প্রকাশের সময় : ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 14
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী।
ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী—প্রশ্ন রেখে তিনি বলেন, ‘না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।’
সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, বর্তমানে বিভিন্নভাবে ভিডিও ও ফটোকার্ড তৈরি করে সরকারি দলের নেতা এবং জোটের শরিকদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের ‘দৈত্য-দানব ফ্যাসিবাদ’ জনগণ হটিয়েছে। অথচ একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার যদি এখন দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে কে দেশ ও রাষ্ট্র পরিচালনা করবে? তাঁর দাবি, বর্তমান ভূরাজনৈতিক সংকটের সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে নুর বলেন, দলটি বর্তমানে রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এনসিপি এখন বিরোধী দলে আছে, তাদের রাজনীতি শিখতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে দেশে আরও সংকট তৈরি হতে পারে।
নুরুল হক নুর আরও অভিযোগ করেন, এনসিপি নিজেদের বুদ্ধি ও শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষদিকে ফ্যাসিবাদের পতন যখন নিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। এখন তাদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।



















