বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ
- প্রকাশের সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 3
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা সদৃশ একটি বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম। তাদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজন অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার জানান, বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে থাকা বোমা সদৃশ বস্তুটি বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে বিস্ফোরকটি সেখানে কীভাবে এলো, সে বিষয়ে পরিবারের কোনো ধারণা নেই।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ব্যবহৃত বিস্ফোরকের ধরন নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিস্ফোরকের উৎস, ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।



















