গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক
- প্রকাশের সময় : ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 11
দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা দেখাতে হবে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নত করা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা।
সরকারি নির্দেশনা অনুযায়ী, কোনো গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই কাঙ্ক্ষিত সুফল মিলবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে সুশাসনের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন নিবন্ধনের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ে বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা চালু করছে, যাতে সহজেই কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।




















