ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
- প্রকাশের সময় : ০৩:১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 15
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ক্ষমতার উৎস জনগণ। সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। তাই জনগণকে সঠিকভাবে সেবা দিতে হবে এবং কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অন্যায়কারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।




















