ভৈরবে প্রতিবেশীর কুকুরের খাওয়া বিস্কুট খাওয়ার পর জলাতঙ্কে শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 55
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের ফেলে রাখা বিস্কুট খাওয়ার পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়। জানা গেছে, শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রবিউল ভৈরব উপজেলার কালিপুর দক্ষিণপাড়া এলাকার মিজান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন বাড়ির সামনে খেলছিল রবিউল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি অর্ধেক বিস্কুট খেয়ে বাকি অংশ ফেলে দিলে শিশুটি সেটি কুড়িয়ে খেয়ে ফেলে। এরপর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে রবিউলকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে জলাতঙ্কের টিকা না থাকায় তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ঢাকায় পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করেন, প্রতিবেশীরা নিয়মিত বাড়ির সামনে কুকুরকে খাবার দিতেন। বারবার নিষেধ করার পরও তারা বিষয়টি আমলে নেননি। তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে তিনি দায়ীদের বিচার চান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















