স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ব্যাংক কর্মকর্তাকে বদলি
- প্রকাশের সময় : ০৯:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 8
উপবৃত্তির জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ, অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে তিনি একাধিক ছাত্রীর কাছে হোয়াটসঅ্যাপে গভীর রাতে অডিও-ভিডিও কল ও বার্তা পাঠিয়ে হয়রানি করতেন। অভিযোগের পর তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের জন্য রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে। এ সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাকাউন্ট খোলার কয়েক দিন পর থেকেই ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরে গভীর রাতে অডিও ও ভিডিও কল দিয়ে বিভিন্নভাবে বিরক্ত ও হয়রানি করা হয়। একই ধরনের ঘটনার শিকার হন কলেজের একাধিক ছাত্রী। বিষয়টি নিয়ে আতঙ্কিত ও বিব্রত হয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর কলেজ প্রশাসন বিষয়টি রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখা কর্তৃপক্ষকে জানায়। পরে প্রাথমিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, ‘একজন ব্যাংক কর্মকর্তা শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে রাতের বেলায় ভিডিও ও অডিও কল দিয়ে তাদের বিব্রত করেছেন। ব্যাংকের কাছে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য এভাবে ব্যবহার করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।
রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় জানান, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।



















