রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
- প্রকাশের সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 26
রাজবাড়ী সদর উপজেলায় একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার বিনোদপুর এলাকায় সরকারি খাদ্যগুদামের সামনের পুকুরসংলগ্ন ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


















