দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি-ঝোড়ো হাওয়ার আভাস
- প্রকাশের সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 8
দেশের বিভিন্ন অঞ্চলে আজও বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারাদেশের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর নৌযান চালক, জেলে ও নদীপথে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী কিংবা বড় গাছের নিচে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।



















