হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
- প্রকাশের সময় : ০৬:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 4
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৭ জন শিশু।
রোববার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬১৯ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪১ শিশু। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ শিশু এবং ছাড়পত্র পেয়েছে ৮৬৫ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২ জন।





















