পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
- প্রকাশের সময় : ১১:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 11
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৪৩ বস্তা টাকা। বর্তমানে এসব টাকার গণনা চলছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে দীর্ঘ ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।
দানবাক্স থেকে টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়।
টাকা গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, এবার দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। তখন ৩ মাস ২৭ দিনে দানবাক্সে জমা হয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপাও পাওয়া যায়।
কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি রয়েছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ পৌরসভার মেয়র/প্রশাসক।



















