‘নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ’ অবরুদ্ধ ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার
- প্রকাশের সময় : ০৮:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 4
গাইবান্ধায় নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধের ঘটনায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে অবরুদ্ধের ঘটনা ঘটলেও শুক্রবার থেকে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আলোচনা-সমালোচনার মুখে ওই দিনই তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে কন্টেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করে থাকেন সার্জেন্ট জাহাঙ্গীর আলম। এর সূত্র ধরে এক নারী কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়। গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর। আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি গত শুক্রবার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পরেই তাকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
গাইবান্ধা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন এ বিষয়ে বলেন, ‘পলাশবাড়ির ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।’
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব (অর্থ ও প্রশাসন) বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















