কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিল জনতা
- প্রকাশের সময় : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 11
ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবেশী কিশোরীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক (৪০) নামের এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার (১৩ জুন, ২০২৬) সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের বলিদাপাড়া এলাকার একটি ফ্ল্যাট সাবলেট নিয়ে মীর ফারুক তার পরিবারসহ বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল। একই ফ্ল্যাটে অন্য একটি পরিবারও উপ-ভাড়াটিয়া হিসেবে থাকত। গত শুক্রবার দিবাগত রাতে ওই প্রতিবেশী পরিবারের ১১ বছর বয়সী কন্যাসন্তানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ফারুক। আজ শনিবার সকালে ভুক্তভোগী শিশুটি পুরো বিষয়টি তার মায়ের কাছে খুলে বললে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ফারুককে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ভুক্তভোগী শিশুটির মা এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে জড়িত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















