আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস
- প্রকাশের সময় : ১২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 24
আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। প্রতি বছর ৯ জুন দিনটি ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) যৌথভাবে পালন করে। বিশ্ব অর্থনীতি, বাণিজ্য এবং পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান ও আস্থার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য।
২০০৭ সালে আইএএফ ও আইএলএসির যৌথ সিদ্ধান্তে দিবসটি চালু করা হয়। পরের বছর ২০০৮ সালের ৯ জুন প্রথমবারের মতো বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘উদ্ভাবন, আস্থা এবং টেকসই উন্নয়ন : অ্যাক্রেডিটেশনের শক্তি’।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ নয়, বরং এটি দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসারে পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়ন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি হিসেবে কাজ করছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ জরুরি। একই সঙ্গে ভোক্তারা এখন পণ্যের গুণগত মানের পাশাপাশি উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত প্রভাবকেও গুরুত্ব দিচ্ছেন।
বাণীতে আরও জানানো হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঁচটি ক্ষেত্রভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেশে ১৬৮টি সরকারি, বেসরকারি ও বহুজাতিক সংস্থাকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। এর ফলে দেশের পণ্য ও সেবার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
























