সৌদি আরবে আরও ৪ বাংলাদেশি হাজির মৃত্যু
- প্রকাশের সময় : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / 20
সৌদি আরবে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোট ৪১ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, মৃত ৪১ হাজির মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩০ জন ও মদিনায় ১১ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে, ৩১ মে দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং ফ্লাইনাসের ১৪টি ফ্লাইট।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ১৭৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬২ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।


















