যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকার টোল আদায়
- প্রকাশের সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 8
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় পৌনে ৪ কোটি টাকা।
বুধবার সকালে এ তথ্য জানান যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু পারাপার করেছে। এসব যানবাহন থেকে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।
এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।
যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে বলেও জানান তিনি।
তবে সেতুর পূর্ব প্রান্তে যানজট থাকলেও পশ্চিম প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





















